রংপুরের তারাগঞ্জে জ্বালানি সাশ্রয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

রংপুরের তারাগঞ্জে জ্বালানি সাশ্রয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা


সোহেল রানা, তারাগঞ্জ ( রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন
রংপুরের তারাগঞ্জে জ্বালানি সাশ্রয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা

বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয় এবং তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে তারাগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো. মোনাববর হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা,তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, জামায়াতে ইসলামীর আমির এস. এম. আলমগীর হোসেন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আমিনুল ইসলাম, উপজেলার মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি, বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকসহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে। তাই কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষ বা কৃষকদের হয়রানি করা যাবে না।বিশেষ করে চলমান সেচ মৌসুমে কৃষকদের সেচকাজের জন্য প্রয়োজনীয় তেল সরবরাহে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, কোনো ফিলিং স্টেশন কৃত্রিম সংকট সৃষ্টি করে তেল সরবরাহে অনিয়ম বা হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসন বিষয়টি নিয়মিত তদারকি করবে বলেও জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি