রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত সাংবাদিকতা চর্চার অন্তরায় : জবিসাসের নিন্দা | Daily AjKaler Kontho

রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত সাংবাদিকতা চর্চার অন্তরায় : জবিসাসের নিন্দা


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত সাংবাদিকতা চর্চার অন্তরায় : জবিসাসের নিন্দা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে (জবিসাস) একটি রাজনীতিমুক্ত ও নিরপেক্ষ সংগঠন হিসেবে উল্লেখ করে এতে ছাত্র সংগঠনগুলোর হস্তক্ষেপকে স্বাধীন সাংবাদিকতা চর্চার পথে বড় বাধা বলে অভিহিত করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার কার্যক্রম চলাকালে সমিতির কার্যালয়ে বহিরাগত ও রাজনৈতিক নেতাকর্মীদের অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জবিসাস সভাপতি ইমরান হুসাইন ও সাধারণ সম্পাদক মাহতাব লিমন।

জবিসাস নেতৃত্ব বলেন, আজ দুপুর দেড়টার দিকে শাখা ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে শতাধিক নেতাকর্মী সাংবাদিক সমিতির কার্যালয়ে প্রবেশ করে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন সাংবাদিক গুরুতর আহত হন, যাদের মধ্যে কালের কণ্ঠের প্রতিনিধি জুনায়েদ শেখ, সময়ের আলোর মুশফিকুর রহমান ইমন এবং দৈনিক যুগান্তরের সাকেরুল ইসলামসহ বেশ কয়েকজন বর্তমানে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ উঠেছে, হামলার ঠিক পূর্বমুহূর্তে ক্যাম্পাসের সব সিসিটিভি ক্যামেরা রহস্যজনকভাবে বন্ধ করে দেওয়া হয়, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিমাতাসুলভ আচরণের বহিঃপ্রকাশ বলে মনে করছেন সাংবাদিক নেতারা।

জবিসাস নেতৃবৃন্দ আরও জানান, এই হামলা ও অস্থিতিশীল পরিস্থিতির পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কতিপয় প্রভাবশালী কর্মকর্তা এবং মার্কেটিং ও ইতিহাস বিভাগের দুইজন অধ্যাপকের প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে। তারা নিয়মবহির্ভূতভাবে প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাহাদাত হোসেন অনুকে সভাপতি এবং বাসসের মাহমুদুর রহমান নাজিদকে সাধারণ সম্পাদক করার জন্য নির্বাচন কমিশন ও সমিতির ওপর অনৈতিক চাপ প্রয়োগ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আজ সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়। এ সময় ছাত্রশিবির, জকসু ও ছাত্র অধিকারের নেতৃবৃন্দও এ ঘটনায় জড়িয়ে পড়েন।

নেতৃবৃন্দ স্পষ্টভাবে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি একটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত ও নিরপেক্ষ সংগঠন। এখানে রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করা বা কোনো ছাত্র সংগঠনের হস্তক্ষেপ স্বাধীন সাংবাদিকতা চর্চার পথে চরম অন্তরায় সৃষ্টি করবে।’ তারা অবিলম্বে এই হামলার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। একই সাথে দেশের সকল গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনগুলোকে জবি সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি