লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মার-ধর যুবদল নেতার মৃত্যু | Daily AjKaler Kontho

লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মার-ধর যুবদল নেতার মৃত্যু


জাকির হোসেন জুয়েল , লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মার-ধর যুবদল নেতার মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের মেইন রোডে একটি ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বায়োতির ছেলে আরমান (৩৫) রিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দু’জনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন স্থানীয় ব্যবসায়ী বেলাল হোসেন মিশোরী।

এ সময় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে আরমান ক্ষিপ্ত হয়ে বেলাল হোসেনের ওপর চড়াও হন। তিনি বেলাল হোসেনের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে বেলাল হোসেন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথেই তার মৃত্যু হয়।

নিহত বেলাল হোসেন মিশোরী উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং স্থানীয়ভাবে পরিচিত ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়।বেলাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই হেলাল হোসেন।

তিনি জানান, সামান্য একটি বিষয় মীমাংসা করতে গিয়ে তার ভাইকে প্রাণ দিতে হলো।ঘটনার পরপরই রায়পুর মেইন সড়ক এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর অভিযুক্ত আরমান পালিয়ে যায়। তাকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।এ বিষয়ে রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আজকালের কন্ঠ/ আর এস/জে