
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ৪০০ পিস ইয়াবাসহ শাহাদাত হোসেন পীযুষ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী বাজার এলাকায় স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, পীযুষের গতিবিধি সন্দেহজনক মনে হলে কয়েকজন ব্যক্তি তাকে ধাওয়া করেন। একপর্যায়ে মারুফ হোসেন দোলন, শাওন হাওলাদার ও ফিরোজ শাহসহ স্থানীয়রা তাকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হন। পরে তাকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করেন এবং আটক যুবককে থানায় নিয়ে আসেন। গ্রেপ্তার পীযুষ উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। উদ্ধার হওয়া ইয়াবার অবৈধ বাজারমূল্য নির্ধারণের প্রক্রিয়া চলছে। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :