
মন্ত্রীসভায় স্থান পেয়েছেন নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের বিএনপির ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এ খবরে লালপুর- বাগাতিপাড়া পুরো এলাকায় বইছে আনন্দের জোয়ার। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। ব্যান্ডপার্টি বাজিয়ে আনন্দ মিছিল করেছে এলাকাবাসী। ফারজানা শারমীন পুতুল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় দুটির দায়িত্ব পান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনের মাধ্যমে তাকে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার নির্বাচনী প্রধান এজেন্ট ও লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু।
উল্লেখ্য, ফারজানা শারমিন পুতুল নাটোর-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার পিতা মরহুম ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন।
স্থানীয়দের আশা, পিতার রাজনৈতিক ঐতিহ্য ধারণ করে নতুন দায়িত্বে ফারজানা শারমিন পুতুল এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :