বিপুল ভোটে ষষ্ঠবারের মতো এমপি কায়কোবাদ | Daily AjKaler Kontho

বিপুল ভোটে ষষ্ঠবারের মতো এমপি কায়কোবাদ


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন
বিপুল ভোটে ষষ্ঠবারের মতো এমপি কায়কোবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধানের শীষের প্রতীকে বিপুল ভোটে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১,৫৮,০৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,০৪,৫৮০ ভোট।

উল্লেখযোগ্য ব্যবধানে এই জয়ের মধ্য দিয়ে মুরাদনগরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন স্থানীয়রা।

দীর্ঘ ১৮ বছর পর মুরাদনগরের মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

বিজয়ের প্রতিক্রিয়ায় কায়কোবাদ বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি মুরাদনগরের গণমানুষের বিজয়। আমি অতীতের মতোই মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে কাজ করে যাব। সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ ও আধুনিক মুরাদনগর গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি সবাই আমার। আমি সকলের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার প্রথম অঙ্গীকার।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল শুধু একটি আসনের বিজয় নয়। এটি দীর্ঘ সময় পর মুরাদনগরের ভোটারদের প্রত্যাশা ও রাজনৈতিক অবস্থানের স্পষ্ট বার্তা। স্থানীয় নেতাকর্মীরা এটিকে “জনতার রায়” হিসেবে অভিহিত করেছেন।

বিজয়ের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন এলাকায় মিছিল ও আনন্দ উদযাপন করতে দেখা যায় সমর্থকদের। সর্বত্র ছিল উৎসবের আমেজ।

আজকালের কন্ঠ/আর বি