‘প্রার্থীদের খুশি করতে’ সিল মারা ব্যালটের ছবি ফেসবুকে দেওয়ার হিড়িক | Daily AjKaler Kontho

‘প্রার্থীদের খুশি করতে’ সিল মারা ব্যালটের ছবি ফেসবুকে দেওয়ার হিড়িক


মোঃ বুলবুল ইসলাম,(খানসামা ও বীরগঞ্জ)দিনাজপুর প্রতিনিধি: প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৬:০১ অপরাহ্ন
‘প্রার্থীদের খুশি করতে’ সিল মারা ব্যালটের ছবি ফেসবুকে দেওয়ার হিড়িক

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে ভোটের গোপনীয়তা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে সিল মারা ব্যালটের ছবি পোস্ট করার প্রবণতা দেখা যাচ্ছে। পছন্দের প্রার্থীকে ‘খুশি করতে’ এমন ছবি ফেসবুকে ছড়াচ্ছেন অনেকে—যা নিয়ে ভোটারদের মধ্যে শুরু হয়েছে বিতর্ক ও সমালোচনা।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনের খানসামা উপজেলায় একাধিক ভোটারের ফেসবুক আইডিতে সিল মারা ব্যালটের ছবি দেখা যায়। এসব পোস্টে ভোটকেন্দ্রের ভেতরের দৃশ্য, ব্যালট হাতে সেলফি এবং ভোট দেওয়ার মুহূর্তের ছবি ছড়িয়ে পড়তে দেখা গেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা গোপন বুথে প্রবেশ করে পছন্দের প্রার্থীর প্রতীকে ভোট দেন। এরপর মোবাইল ফোন ব্যবহার করে সিল দেওয়া ব্যালটের ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। অনেকেই স্বীকার করেছেন, প্রার্থী বা দলের প্রতি আনুগত্য দেখাতেই এমন কাজ করেছেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে ধানের শীষ, দাঁড়িপাল্লা ও হাতপাখা প্রতীকে সিল দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট দেওয়ার দৃশ্যও দেখা গেছে। এসব ঘটনায় সাধারণ ভোটারদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভোটের গোপনীয়তা রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. কামরুজ্জামান সরকার বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর এস/বি