জীবননগরে ৫৯ টি ভোট কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম | Daily AjKaler Kontho

জীবননগরে ৫৯ টি ভোট কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম


পিয়াস সরকার, চুয়াডাঙ্গা জীবননগর প্রতিনিধি: প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৬, ১:৫১ পূর্বাহ্ন
জীবননগরে ৫৯ টি ভোট কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ৫৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল থেকে জীবননগর সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ব্যালট পেপারসহ অন্যান্য ভোটগ্রহণ সামগ্রী সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়।

নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল জানান, আজকের মধ্যেই উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ সব নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাবে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরঞ্জাম পরিবহন ও কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ভোটগ্রহণসহ সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করা হবে।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য এবং ২ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করা হচ্ছে।

আজকালের কন্ঠ/ আর এস/পি