ব্রাহ্মণবাড়িয়ায় এমপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ:বিএনপির অস্বীকার | Daily AjKaler Kontho

ব্রাহ্মণবাড়িয়ায় এমপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ:বিএনপির অস্বীকার


মোঃ ইসমাইল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ১:৫৬ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় এমপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ:বিএনপির অস্বীকার

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে ইনসানিয়াত বিপ্লবের সংসদ সদস্য প্রার্থী শেখ হানিফের ওপর হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইরের চাপুইর এলাকায় প্রচারণা চালানোর সময় তিনি হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শেখ হানিফসহ আরও দুজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাত পৌনে ৯টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে শেখ হানিফ বলেন, প্রচারণার শেষ দিনে তিনি চাপুইর এলাকায় গণসংযোগ করছিলেন। এ সময় হিরণ নামে এক ব্যক্তির নেতৃত্বে বিএনপির কয়েকজন নেতাকর্মী তার ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, মানবতার রাষ্ট্র গঠনের কথা বলতে গিয়েই তিনি হামলার শিকার হয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি বাজার এলাকায় গণসংযোগের সময় শেখ হানিফ ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলা করা হয়। ভিডিওতে আরও দেখা যায়, হামলার একপর্যায়ে শেখ হানিফের হাতে থাকা মাইক কেড়ে নেওয়া হয় এবং স্লোগান দেওয়ার সময় তাকে লক্ষ্য করে লোকজন আক্রমণ করে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পূর্ণ সাজানো। তাঁর দাবি, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবেই বিএনপির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে। এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয় বলে তিনি স্পষ্টভাবে জানান।

আজকালের কন্ঠ/আর এস/আই