ফুলবাড়ীতে বিশাল জনসমাবেশে উন্নয়ন ও পরিবর্তনের রূপরেখা তুলে ধরলেন : ড. আতিক মুজাহিদ | Daily AjKaler Kontho

ফুলবাড়ীতে বিশাল জনসমাবেশে উন্নয়ন ও পরিবর্তনের রূপরেখা তুলে ধরলেন : ড. আতিক মুজাহিদ


মোঃ জাকির হোসেন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৬, ২:৩৩ অপরাহ্ন
ফুলবাড়ীতে বিশাল জনসমাবেশে উন্নয়ন ও পরিবর্তনের রূপরেখা তুলে ধরলেন : ড. আতিক মুজাহিদ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী জনসমাবেশ। রবিবার বিকেল ৫টায় উপজেলার ঐতিহ্যবাহী কাচারী মাঠে আয়োজিত এই জনসমাবেশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মাঠ ছাড়াও আশপাশের সড়ক ও উন্মুক্ত স্থানে মানুষের ঢল নামে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ (ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর ও রাজারহাট) আসনে ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।

উন্নয়নের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রধান অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ বলেন, কুড়িগ্রাম একটি সম্ভাবনাময় অঞ্চল হলেও দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। এই অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন সৎ নেতৃত্ব ও পরিকল্পিত উন্নয়ন। তিনি জানান, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো ও কর্মসংস্থানের সমন্বিত উন্নয়নের মাধ্যমে কুড়িগ্রামকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় আধুনিক হিমাগার স্থাপন করা হবে, যাতে তারা ফসল সংরক্ষণ করে উপযুক্ত সময়ে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন। পাশাপাশি কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করা হবে।

ড. আতিক মুজাহিদ আরও বলেন, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ফুলবাড়ীতে একটি আধুনিক মিনি স্টুডিয়াম নির্মাণ করা হবে। এছাড়া দীর্ঘদিনের দাবি অনুযায়ী বাংটুর ঘাটে একটি গুরুত্বপূর্ণ সেতু (ব্রিজ) নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যা যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও গতিশীল করবে।

তিনি জানান, ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে একটি মানসম্মত হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যেখানে স্বল্প খরচে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাবেন। প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও মাতৃসদন স্থাপনের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের অঙ্গীকার ড. আতিক মুজাহিদ বলেন, নির্বাচনে জয়ী হলে তিনি নিজের মোবাইল নম্বর মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন, যাতে সাধারণ মানুষ সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি জোর দিয়ে বলেন, জনগণের সমস্যা জনগণের সঙ্গেই বসে সমাধান করাই হবে তাঁর রাজনীতির মূল লক্ষ্য।

তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত কুড়িগ্রাম গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, অসৎ ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দিতে হবে।

সমাবেশ শেষে ড. আতিক মুজাহিদের নেতৃত্বে একটি বিশাল নির্বাচনী র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আব্দুল মতিন ফারুকীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। তাঁকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তারা।

আজকালের কন্ঠ/ আর এস/জে