শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার | Daily AjKaler Kontho

শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার


মো: নাসির খান , (শরীয়তপুর) প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে আটটি ককটেল, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ফিরোজ খাঁ নামে একজন ককটেল ও বোমা তৈরির কারিগরসহ তিনজনকে আটক করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার বিকেলে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার রওনক জাহান।তিনি বলেন, রোববার সকালে জাজিরা থানার কুন্ডের চর ও বাবুরচর এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ খাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে আটটি ককটেল, ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম, দেশীয় অস্ত্র, নগদ অর্থ, একটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়।

পুলিশ সুপার জানান, ফিরোজ খাঁ দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ককটেল ও বিস্ফোরক দ্রব্য তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে জাজিরা থানায় একাধিক মামলা রয়েছে। আটক অন্য দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নির্বাচনকে সামনে রেখে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর এস/এস