কি কারনে ১৮ মাসের শিশু চার দিনও মিলেনি খোঁজ | Daily AjKaler Kontho

কি কারনে ১৮ মাসের শিশু চার দিনও মিলেনি খোঁজ


জাকির হোসেন জুয়েল লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
কি কারনে ১৮ মাসের শিশু চার দিনও মিলেনি খোঁজ

লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ১৮ মাস বয়সী এক শিশুকে জোরপূর্বক আটক ও গুম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরী (২৩) রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস মেরী রায়পুর থানাধীন চরমোহনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়বাড়ির বাসিন্দা এবং কাঞ্চন হোসেনের স্ত্রী।সরেজমিনে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে একই এলাকার তোফায়েল আহমেদ, ফিরোজা আক্তার ও নিশু আক্তার কৌশলে বাড়ির সামনে খেলাধুলা করা তার ১৮ মাস বয়সী কন্যা কানিজ ফাতেমাকে নিজেদের বাড়ির ভেতরে নিয়ে যান।

পরে শিশুটিকে ফেরত চাইলে অভিযুক্তরা নানা টালবাহানা শুরু করেন এবং শিশুটি তাদের কাছে নেই বলে দাবি করেন।এ ঘটনায় শিশুটির পরিবার চরম উৎকণ্ঠায় পড়েছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

অভিযোগকারীর দাবি, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটি নিজে থেকেই তাদের বাসায় এসেছিল এবং কিছু সময় পর চলে গেছে।

এদিকে অভিযোগ পাওয়ার পর রায়পুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/ আর এস/জে