নওগাঁ-৬ নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে ভোটারদের মাঝে | Daily AjKaler Kontho

নওগাঁ-৬ নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে ভোটারদের মাঝে


মোঃ রায়হানুল হক , রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ১:৪৫ অপরাহ্ন
নওগাঁ-৬ নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে ভোটারদের মাঝে

বরেন্দ্র অঞ্চল খ্যাত উত্তর জনপদের জেলা নওগাঁ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এই জেলায় সংসদীয় আসন রয়েছে ৬টি। আত্রাই-রাণীনগর দুই থানা মিলে নওগাঁ-৬ আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরে মোট ৮জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও শেষ মুহূর্তে ৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনকে কেন্দ্র মারপিট, পাল্টা-পাল্টি অভিযোগসহ নির্বাচনের মাঠে নানান উত্তাপ ছড়াচ্ছে। তারপরও উৎসব মুখর পরিবেশে প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের বাড়ি বাড়ি, হাট-বাজারে, চলার পথে, চা-স্টলে কুশলাদি বিনিময় সহ ভোট প্রার্থনা করছেন। পথসভা, গণসমাবেশ, ও নানা সামাজিক অনুষ্ঠান ও পারিবারিক আয়োজনের বিভিন্ন অনুষ্ঠানে প্রার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনের আমেজ জমজমাট হয়ে উঠছে। দীর্ঘ সময়ে এই আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও তাদের অনুপস্থিতে অতীত ভোটের হিসাব অনুযায়ী এই আসনটির একচ্ছত্র আধিপত্য ছিল বিএনপির।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে রয়েছেন ৫জন প্রার্থী। তারা হলেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি শেখ মোঃ রেজাউল ইসলাম (রেজু), জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মোঃ খবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের প্রার্থী রাণীনগর উপজেলা শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির হাতি মার্কা প্রতীকের প্রার্থী আতিকুর রহমান রতন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী সাবেক চারদলীয় জোটের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলমগীর কবির মটরসাইকেল প্রতীক নিয়ে এই আসনের বিভিন্ন অঞ্চল চষে বেড়াচ্ছেন। প্রতিটি প্রার্থী কথায় কথায় এলাকাভেদে উন্নয়নের ফুলঝুরি গেয়ে বেড়াচ্ছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো বিএনপির দূর্গ হিসেবে খ্যাত এই আসনে বিগত দিনে বিএনপির ধানের শীষ নিয়ে আলমগীর কবির ৪বার এমপি নির্বাচিত হয়। এক এগারোর রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিএনপির সাথে তার কিছুটা দূরত্ব সৃষ্টি হলে এই আসনে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে তার ছোট ভাই কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলুকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়। এই নির্বাচনে দল থেকে তাকে মনোনয়ন না দিলে তার বড় ভাই আলমগীর কবিরের পক্ষে কাজ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। দুই ভাই একত্রিত হয়ে মটরসাইকেলের পক্ষে কাজ করায় নির্বাচনের প্রচারণার মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে।

নওগাঁ-৬ আসনে প্রায় সকল প্রার্থীই স্থানীয় জনগণ ও ভোটারদের সাথে সুষুম উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা-স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের অঙ্গীকার দিয়ে যাচ্ছেন। ভোটের মাঠে নারী ভোটার এবং তরুণ ভোটারদের ভূমিকা এবারের জয়-পরাজয় নির্ধারণের মানদন্ড হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। মাঠ পর্যায়ে ভোটার, স্থানীয় রাজনীতিবিদ ও সুশীল সমাজের সাথে কথা বলে জানা গেছে, বেশিরভাগ রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের দলীয় প্রার্থীদের ব্যাপারে জয়ের আশাবাদ ব্যক্ত করেন। তবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থী বা প্রতীকেই ভোট দিবে। তারা সুনির্দিষ্টভাবে জয়ের ব্যাপারে মন্তব্য করতে রাজি না। অনেকেই বলছেন এই আসনে ধানের শীষের ব্যাপক ভোট ব্যাংক থাকলেও এবারে দাঁড়িপাল্লা ও মোটরসাইকেলের কারণে লড়াইটা বেশ জমজমাট হবে। তাছাড়া তারা মনে করছেন আত্রাই উপজেলায় তিন প্রার্থীর বাড়ি হওয়ায় রাণীনগর উপজেলার ভোটের উপর নির্ভর করবে এবারে জয় পরাজয়। অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভোট ব্যাংকের উপর যে প্রার্থী বেশি হানা দিতে পারবে তার কপালে জুটবে শেষ হাসি।

এই আসনে মোট ভোটার ৩ লক্ষ ৪৫ হাজার ৪১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭৪ হাজার ৩৫০ জন, নারী ভোটার ১ লক্ষ ৭১ হাজার ৬১ জন এবং তৃতীয় লিঙ্গ ৫ জন। আত্রাই উপজেলায় ১ লক্ষ ৭৭ হাজার ২৩ জন এবং রাণীনগরে ১ লক্ষ ৬৮ হাজার ৩৯৩ জন। ভোটারদের মাঝে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়লেও ১২ ফেব্রুয়ারি শেষ হাসি কে হাসবেন তা দেখার জন্য এখন অপেক্ষার পালা।

রানীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল হাসান জানান এখন পর্যন্ত নওগা-৬ আসনের রাণীনগর উপজেলায় পাল্টাপাল্টি ৩ টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এখানে নির্বাচনের পরিবেশ ভালো। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও উৎসব মুখর করতে মাঠ পর্যায় আমরা কাজ করছি। অভিযোগ ৩টি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের বরাবর পাঠানো নো হয়েছে।

আজকালের কন্ঠ/ আর এস/আর