ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিস ভাংচুর, ককটেল উদ্ধার | Daily AjKaler Kontho

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিস ভাংচুর, ককটেল উদ্ধার


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিস ভাংচুর, ককটেল উদ্ধার

ঝিনাইদহ-৪(কালীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতিকের সাইফুল ইসলাম ফিরোজের দু,টি নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর করার ঘটনা ঘটেছে। এ সময় একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা ভুষন স্কুল সড়কে ও হেলাই গ্রামে নির্বাচনী অফিসে হামলা চালানো হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ককটেল সদৃশ বস্তু উদ্ধারে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, রাত ৮ টার দিকে ৪টি মোটর সাইকেলে ৮ জন নলডাঙ্গা ভূষন সড়কে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র ছিল।অতর্কিত হামলা চালিয়ে অফিসের টেবিল,চেয়ার ও ৩ টি মোটর সাইকেল ভাংচুর করে। এরপর অফিসের মধ্যে একটি ককটেল নিক্ষেপ করা হয়। কিন্তু সেটি অবিস্ফোরিত থাকে। পরে পুলিশ এসে একটি ককটেল উদ্ধার করে।

অন্যদিকে ৮ জনের একটি দল পৌরসভার হেলাই গ্রামে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী অফিসে হামলা চালায়। অফিসে থাকা চেয়ারগুলো ভাংচুর করে দ্রুত মোটর সাইকেল যোগে পালিয়ে যায় তারা। হেলাই গ্রামের স্থানীয় যুবক নুর ইসলাম বলেন, রাত ৮ টার দিকে মতিয়ার ও মোশাররফসহ আমরা তিনজন কাপ-পিরিচ প্রতিকের নির্বাচনী অফিসে বসে ছিলাম। হঠাৎ ৪টি মোটর সাইকেলে ৮ জনের একটি দল এসে অফিসে ভাংচুর করে।স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বৃহস্পতিবার ফুরসন্দি ও ঘোড়শাল ইউনিয়নে ছিলাম। হঠাৎ শুনি নিশ্চিন্তপুর ও হেলাই গ্রামের দুটি অফিস ভাংচুর করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের দুটি অফিসে কেউ না থাকায় ভাংচুর করেছে। এছাড়া একটি অফিসের মধ্য থেকে কালো টেপ দিয়ে মোড়ানো একটি জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে। সেটি ককটেল কিনা পরীক্ষার পর বলা যাবে। খবর শোনা মাত্রই নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অফিস দুটি পরিদর্শন করেছেন। এলাকার পরিবেশ শান্ত আছে।

আজকালের কন্ঠ/আর বি