হাদি হত্যা তদন্তে জাতিসংঘকে ডাক | Daily AjKaler Kontho

হাদি হত্যা তদন্তে জাতিসংঘকে ডাক


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন
হাদি হত্যা তদন্তে জাতিসংঘকে ডাক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের জন্য এবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে (ওএইচসিএইচআর) প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। যত দ্রুত সম্ভব এই প্রস্তাব দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শফিকুল আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডের বিচারে পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিতে অবিচল রয়েছে। একইসঙ্গে এ ধরনের তদন্ত প্রক্রিয়ায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার বিষয়েও সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

এর আগে, গতকাল (বৃহস্পতিবার) দুপুরে শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতারা ও হাদির পরিবার।

ওই কর্মসূচিতে অংশ নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। তাদের দাবি, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের সুনির্দিষ্ট ঘোষণা এবং প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

আজকালের কন্ঠ/ আর এস