ভোটের পক্ষে থাকা শক্তিরাও অবস্থান বদলাচ্ছে : ডা. শফিকুর রহমান | Daily AjKaler Kontho

ভোটের পক্ষে থাকা শক্তিরাও অবস্থান বদলাচ্ছে : ডা. শফিকুর রহমান


জামাল খান ময়মনসিংহ জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২:২৬ অপরাহ্ন
ভোটের পক্ষে থাকা শক্তিরাও অবস্থান বদলাচ্ছে : ডা. শফিকুর রহমান

ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা শুরুতে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে জোরালোভাবে ক্যাম্পেইন চালিয়েছিলেন, তারা এখন জনগণের উত্তাল জাগরণ ও পরিবর্তনের প্রবল ঢেউ দেখে একে একে নিজেদের অবস্থান পরিবর্তন করছেন। এটি প্রমাণ করে—দেশের মানুষ আর পুরোনো, পচা ও পরিবারতান্ত্রিক রাজনীতি চায় না।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের রাজনীতিতে ব্যক্তি ও গোষ্ঠীকেন্দ্রিক স্বার্থই প্রাধান্য পেয়েছে। ক্ষমতা ধরে রাখার জন্য জনগণকে ব্যবহার করা হয়েছে, অথচ তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়নি। সেই ব্যর্থ, স্বার্থান্ধ ও পরিবারনির্ভর রাজনীতিকে জনগণ এখন চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষ এখন সচেতন। তারা বুঝে গেছে—একই মুখ, একই পরিবার আর একই গোষ্ঠীর হাতে ক্ষমতা বারবার তুলে দিলে দেশের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। জনগণ এখন ন্যায়ভিত্তিক, আদর্শিক ও কল্যাণমুখী রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের জোয়ার আর কেউ ঠেকাতে পারবে না।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ব্যক্তি বা পরিবারকেন্দ্রিক রাজনীতি করে না। এই দল আল্লাহভীতি, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে রাজনীতি করে। তাই আজ দেশের মজলুম, বঞ্চিত ও সাধারণ মানুষ জামায়াতে ইসলামীকে বিকল্প শক্তি হিসেবে দেখছে।
জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ভয়ভীতি, ষড়যন্ত্র ও অপপ্রচার দিয়ে আর জনগণকে দমন করা যাবে না। জনগণের এই জাগরণ ইনশাআল্লাহ একটি নতুন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পথ সুগম করবে।

তিনি আরও বলেন, যারা আজ জনসমর্থনের বাস্তবতা বুঝে নিজেদের অবস্থান পরিবর্তন করছেন, তাদের উচিত সত্যের পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়া। কারণ ইতিহাস সাক্ষী—জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কেউ টিকে থাকতে পারেনি।উক্ত জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভায় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। পুরো জনসভা প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

আজকালের কন্ঠ/ আর এস/‎জে