
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও পটুয়াখালী-০১ আসনে দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, তারেক রহমানের বুদ্ধি-জ্ঞান ও রাজনৈতিক প্রজ্ঞা আমাদের সবার থেকে অনেক বেশি। তিনি যখন বলেন এবারের নির্বাচন সহজ হবে না, তখন তা আমাদের জন্য একটি সতর্কবার্তা। তিনি অবশ্যই আমাদের চেয়ে অনেক আগেই সবকিছু অনুধাবন করতে পারেন বলেই সবাইকে সতর্ক করেছেন।
তিনি বলেন, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে। এসব ষড়যন্ত্র থেকে দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কেউ রাজনীতিবিদ নন উল্লেখ করে তিনি বলেন, তারা রাজনীতির বাস্তবতা বোঝেন না। তারা দ্রুত নির্বাচন দিতে চায়, জনগণও নির্বাচন চায়। কিন্তু এই নির্বাচন সহজ নয়। তাই সবাইকে একসাথে কাজ করতে হবে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় দুমকি উপজেলার লেবুখালী ইউনিভার্সিটি স্কোয়ারে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে পটুয়াখালী-০১ (দুমকি, পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুমকি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ খলিলুর রহমান ও মোঃ জসিম উদ্দিন হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুমকি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ মজিবুর রহমান।জনসভার সঞ্চালনায় ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ মতিউর রহমান দিপু ও মোঃ সাইফুল আলম মৃধা।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। এজন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/ আর এস
আপনার মতামত লিখুন :