
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধানের শীষ প্রতীকের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ফুলবাড়ী উপজেলার জছিমিঞা মডেল সরকারি বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তিস্তা নদী আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সাবেক উপমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, নদীভাঙনের কারণে এ অঞ্চলের মানুষ বারবার সর্বস্ব হারাচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে রাস্তাঘাটসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিএনপি কোনো ধরনের আপস করবে না। এসব অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচন পরবর্তী উন্নয়ন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার গঠন করতে পারলে বন্ধুপ্রতিম রাষ্ট্র চীন বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে সহায়তা করবে। এর ফলে স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের লক্ষ্য একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
জনসভায় তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি মহল সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারে কান না দিয়ে ভোটের দিন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সাবেক সম্পাদক খোরশেদ আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশার সঞ্চালনায় এবং জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তাফা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. ওমর ফারুকসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো স্কুল-মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
আজকালের কন্ঠ/আর এস/জে
আপনার মতামত লিখুন :