
রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি ও বনজ সম্পদ ধ্বংসের বড় একটি চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন এলাকায় পরিচালিত অভিযানে ১৫৫ দশমিক ৫৩ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে, যার আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৬৮ হাজার ৭৭৯ টাকা।
রোববার (১ ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের নির্দেশনায় হাবিলদার মোঃ আমান উল্লাহের নেতৃত্বে বটতলী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন এসব অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্টদের মতে, এসব কাঠ অবৈধভাবে বাজারে প্রবেশ করলে একদিকে সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হতো, অন্যদিকে বৈধ কাঠ ব্যবসা ও পরিবেশের ওপর পড়ত নেতিবাচক প্রভাব। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় অবৈধ কাঠ পাচার স্থানীয় অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করে থাকে।
মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। চোরাকারবারিরা বিভিন্ন কৌশল অবলম্বন করলেও বিজিবি এসব তৎপরতা দমনে কঠোর অবস্থানে রয়েছে।
অর্থনীতি বিশ্লেষকদের মতে, অবৈধ কাঠ পাচার বন্ধ করা গেলে রাজস্ব সুরক্ষার পাশাপাশি বৈধ কাঠ বাজারে স্থিতিশীলতা ফিরবে এবং বনজ সম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ কাঠসহ সব ধরনের চোরাচালান দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/ আর এস/বি
আপনার মতামত লিখুন :