
কুমিল্লার মুরাদনগর উপজেলার কুড়াখাল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী সভায় ধর্মের নামে বিভেদ সৃষ্টির অভিযোগ তুলে সমালোচনা করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী শাহ আরফিন।
শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে বাংগরা পশ্চিম ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। সভার মূল লক্ষ্য ছিল বিএনপির ভাইস চেয়ারম্যান, পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে বিজয়ী করা।
প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ আরফিন বলেন, পূর্বের নির্বাচনগুলোর সঙ্গে এবারের নির্বাচনের বড় পার্থক্য হলো—একটি দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। তারা গ্রামের সহজ-সরল মা-বোনদের কাছে জান্নাত বিক্রির প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করছে।
তিনি আরও বলেন, যারা প্রকৃত অর্থে ধর্মকে ভালোবাসে এবং ধর্মের বিধি-নিষেধ মেনে চলে, তারা কখনো ধর্মকে রাজনীতির হাতিয়ার বানায় না। ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাসের বিষয়, এটিকে পুঁজি করে রাজনীতি করা অনৈতিক ও বিভ্রান্তিকর।
ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, ধানের শীষ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। মুরাদনগরের সার্বিক উন্নয়ন ও জনগণের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করতে হবে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ কুতুব উদ্দিনের সঞ্চালনায় এবং অ্যাডভোকেট মোরশেদ আলম খোকন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন।
এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিপুল ভোটে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।বিএনপির নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে কুড়াখাল উচ্চ বিদ্যালয় মাঠে জনতার ঢল নামে।
আজকালের কন্ঠ/ আর এস/এস
আপনার মতামত লিখুন :