কলরেকর্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রায়পুর উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন | Daily AjKaler Kontho

কলরেকর্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রায়পুর উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
কলরেকর্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রায়পুর উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

পুরোনো একটি কলরেকর্ডকে বর্তমান সময়ের বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রায়পুর উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) রাত ১০টা ৩০ মিনিটে রায়পুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দলটির নেতারা দাবি করেন, ২০১৮ সালের তীব্র আন্দোলন-সংগ্রামের সময় নেতাকর্মীদের উৎসাহিত করতে দেওয়া একটি কলরেকর্ডকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে বর্তমান ঘটনার সঙ্গে যুক্ত করে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে।

তারা বলেন, এ ধরনের অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সল, প্রচার সম্পাদক সোহাগ হোসেনসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক দল। আমাদের আন্দোলন-সংগ্রামের সব কর্মসূচি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়। পুরোনো কলরেকর্ডকে বর্তমানের বলে চালিয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বট বাহিনী পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।”

আজকালের কন্ঠ/আর বি