সমৃদ্ধ ও মানবিক ময়মনসিংহ সদর গড়ার প্রত্যয়ে দাঁড়িপাল্লা প্রতীকের গণমিছিল | Daily AjKaler Kontho

সমৃদ্ধ ও মানবিক ময়মনসিংহ সদর গড়ার প্রত্যয়ে দাঁড়িপাল্লা প্রতীকের গণমিছিল


জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সমৃদ্ধ ও মানবিক ময়মনসিংহ সদর গড়ার প্রত্যয়ে দাঁড়িপাল্লা প্রতীকের গণমিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের নেতৃত্বে ময়মনসিংহ শহরে অনুষ্ঠিত হয়েছে বিশাল ও উৎসবমুখর গণমিছিল।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আসরের নামাজ শেষে নগরীর ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে আয়োজিত এক গণজমায়েত শেষে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে সদর উপজেলা ও ময়মনসিংহ মহানগরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী ও সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মূল কর্মসূচিতে যোগ দেন। এতে পুরো নগরী জনসমুদ্রে পরিণত হয় এবং এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
গণমিছিল শুরুর আগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং কার্যকর সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মানুষ বৈষম্য, দুর্নীতি ও অবিচারের শিকার হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তা আজ আরও বেশি অনুভূত হচ্ছে।

তিনি আরও বলেন, ময়মনসিংহ সদরকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও মানবিক জনপদে পরিণত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে রায় দিতে হবে। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও সমাজে ন্যায়ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

গণসমাবেশে ১১ দলীয় জোটের জেলা ও মহানগর পর্যায়ের একাধিক শীর্ষ নেতা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বর্তমান সময়ের সংকট মোকাবিলায় দেশবাসীর সামনে একটি সৎ ও কার্যকর রাজনৈতিক বিকল্প তুলে ধরাই এই আন্দোলনের উদ্দেশ্য। তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

গণমিছিল চলাকালে শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দল সক্রিয় ভূমিকা পালন করে। শান্তিপূর্ণ পরিবেশে গণমিছিল ও সমাবেশ শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা।

আজকালের কন্ঠ/আর বি