
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, যে নীতি ও আদর্শের মাধ্যমে গত ৫২/৫৪ বছর দেশ পরিচালিত হয়েছে, তাতে বাংলাদেশের মানুষের চাওয়া-পাওয়া কিছুই বাস্তবায়িত হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লাখো মানুষ জীবন দিলেও এর বিনিময়ে দেশ আজ দুর্নীতিতে বিশ্বে শীর্ষে অবস্থান করছে।
তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে ন্যায়বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছিল। সে সুযোগ কাজে লাগানোর পরিবেশও তৈরি হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে ক্ষমতালোভী মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোট প্রকাশ্যেই জানিয়েছে, তারা ইসলামি শরীয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না; বরং প্রচলিত ব্যবস্থাতেই রাষ্ট্র চালাবে। যদি তাই হয়, তাহলে এতো আত্মত্যাগের প্রয়োজন ছিল কেন?
পীর সাহেব চরমোনাই আবেগঘন কণ্ঠে বলেন, আবু সাইদ বুক পেতে দিয়ে কেন বৈষম্য দূর করতে চেয়েছিল? মুগ্ধ কেন ‘পানি পানি’ বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়েছিল? তারা কেউই প্রচলিত ব্যবস্থায় দেশ চালানোর জন্য জীবন উৎসর্গ করেনি।
এ সময় তিনি ইসলামের পক্ষে একমাত্র শক্তি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে উল্লেখ করে আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে ও জেলা শহরের স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে কুড়িগ্রাম-২ ও সন্ধ্যায় উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কুড়িগ্রাম- ৩ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ নুর বখ্ত মিয়া ও কুড়িগ্রাম-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডাক্তার আক্কাস আলী সরকার এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :