ফুলবাড়ীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ফুলবাড়ীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


মোঃ জাকির হোসেন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৬, ৩:২৮ অপরাহ্ন
ফুলবাড়ীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে ফুলবাড়ী ডিগ্রি কলেজের সভাকক্ষে এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ দিলারা আকতারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান নাঈম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ তায়েফুল ইসলাম এবং ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম রিজু।

প্রশিক্ষণে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা, ভোট গ্রহণের প্রস্তুতিমূলক কাজ, ধাপে ধাপে ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট ও ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট বাক্স সিলগালা ও সংরক্ষণ, ভোট গণনা এবং ফলাফল প্রণয়ন ও প্রেরণসহ দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এছাড়াও ভোটগ্রহণ চলাকালে উদ্ভূত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার কৌশল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় এবং ভোটারদের সহায়তা নিশ্চিতকরণের বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা জানান, এই বাস্তবভিত্তিক প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে।

প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিষ্ঠা, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি