
দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহে সার্কিট হাউজ মাঠে সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মীকে সমাবেশস্থলে জড়ো হতে দেখা গেছে। আজ বেলা পৌনে ২টার দিকে দিকে নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে সার্কিট হাউজ মাঠ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন তারা। ময়মনসিংহ ছাড়াও দলীয় প্রধানের এ জনসভায় জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার নেতাকর্মীরাও জড়ো হচ্ছেন।
দুপুর আড়াইটায় নগরীর সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জেলার বাইরে থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন।
এদিকে জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই মাঠের সামনের দিকে নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। সময়ের সঙ্গে উপস্থিতিও বাড়ছে।
নেতাকর্মীরা জানান, তাদের চেয়ারম্যানকে কাছ থেকে একনজর দেখার জন্য আগেভাগে সকালেই উপস্থিত হয়েছেন।
তারেক রহমানের জনসভায় তিনটি জোনে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। মঞ্চের সামনে থাকবে ৩০ ফিটের রেড জোন। সেখানে বসবেন বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই আন্দোলনে হতাহত এবং তাদের পরিবারের সদস্যরা। এরপর মঞ্চের চারপাশে থাকবে ৫ ফিটের একটি বেরিকেড। এতে থাকবেন জনসভার দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মঞ্চ থেকে ৩৫ ফিট দূরত্বে দুই পাশে দেওয়া হবে ৩ হাজার চেয়ার। এতে মহিলা দল, পেশাজীবীসহ উপজেলা-পৌর বিএনপির সভাপতি, সম্পাদক এবং জেলার অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বসার জন্য রাখা হয়েছে।
এছাড়া জনসভাস্থলের চারপাশে সিএসএফ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে ২০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে জনসভাস্থলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলেও জানা যায়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :