
বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ময়মনসিংহ সার্কিট হাউসে আগমন উপলক্ষে ময়মনসিংহ নগরীতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় বাস্তহারা কালীবাড়ি বেরিবাঁধ এলাকা থেকে কৃষক দলের উদ্যোগে এবং শাহ আলমের নেতৃত্বে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ অভিমুখে এক বিশাল মিছিল ও পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে কৃষক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো পথ। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে শাহ আলম বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই দেশ পুনরায় গণতন্ত্রের পথে ফিরে আসবে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। এই আন্দোলন-সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম।”
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের ময়মনসিংহ আগমন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তারা আরও বলেন, এই আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহের সর্বস্তরের মানুষের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, তারেক রহমানের আগমন উপলক্ষে ময়মনসিংহ নগরজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি, প্রস্তুতি সভা, মিছিল ও গণসংযোগ কার্যক্রম চলমান রয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :