ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষক লতিফ সরকারের মৃত্যু: এলাকায় শোকের ছায়া | Daily AjKaler Kontho

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষক লতিফ সরকারের মৃত্যু: এলাকায় শোকের ছায়া


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৬, ৪:২১ অপরাহ্ন
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষক লতিফ সরকারের মৃত্যু: এলাকায় শোকের ছায়া

দীর্ঘ ১১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম নগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল লতিফ সরকার (৫৫)। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি সকালে প্রধান শিক্ষক আব্দুল লতিফ সরকার নিজ বিদ্যালয় থেকে মোটরসাইকেল যোগে উপজেলা সদরে মাসিক সমন্বয় সভায় যাচ্ছিলেন। পথে খরিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছিল। সেখানেই আজ সকালে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল লতিফ সরকার নগরাজপুর গ্রামের মৃত পল্লী চিকিৎসক তদারক আলীর ছেলে। একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী এবং শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয় শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা।

আজকালের কন্ঠ/আর বি