
লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির একটি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক বক্তব্যে তিনি দাবি করেন, জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে ৫০ হাজার বোরকা অর্ডার করা হয়েছে। ওই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ দেশজুড়ে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়।
এ্যানির এই বক্তব্যের সত্যতা প্রমাণের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর-৩ আসনের এমপি পদপ্রার্থী রেজাউল করিম। তিনি বলেন, এ ধরনের বক্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং নারীদের সম্মানহানিকর। বক্তব্যের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে না পারলে এ্যানি চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
রেজাউল করিম আরও বলেন, “এই বক্তব্যে দেশের মা-বোনেরা অপমানিত বোধ করছেন। নারীদের একটি বিশেষ পোশাককে জাল ভোটের সঙ্গে যুক্ত করে উপস্থাপন করা অত্যন্ত দুঃখজনক।” তিনি দাবি করেন, এই মন্তব্যে নারী সমাজ ক্ষুব্ধ হয়েছে এবং বিষয়টি সামাজিকভাবে নেতিবাচক বার্তা দিচ্ছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনা না করা হলে নারীরা প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হতে পারেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে এ্যানির ওই বক্তব্যের বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :