ধানের শীষের পক্ষে মাঠে কাজী আব্দুল ইনসান, বিহারী ক্যাম্পে ঘরে ঘরে লিফলেট বিতরণ | Daily AjKaler Kontho

ধানের শীষের পক্ষে মাঠে কাজী আব্দুল ইনসান, বিহারী ক্যাম্পে ঘরে ঘরে লিফলেট বিতরণ


ময়মনসিংহ জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
ধানের শীষের পক্ষে মাঠে কাজী আব্দুল ইনসান, বিহারী ক্যাম্পে ঘরে ঘরে লিফলেট বিতরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আবু ওয়াহাব আকন্দ–এর পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর বিহারী ক্যাম্প এলাকায় ব্যাপক গণসংযোগ ও ঘরে ঘরে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

এ কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপি নেতা কাজী আব্দুল ইনসান। তার নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে বিকেল পর্যন্ত বিহারী ক্যাম্প এলাকার বিভিন্ন অলিগলি ও আবাসিক এলাকায় সাধারণ ভোটারদের সাথে সরাসরি কথা বলেন। এ সময় তারা ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং প্রার্থী আবু ওয়াহাব আকন্দের পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, এবার ধানের শীষের মাধ্যমে জনগণের সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

এ সময় কাজী আব্দুল ইনসান বলেন, “ময়মনসিংহ সদর আসনের মানুষ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। জনাব আবু ওয়াহাব আকন্দ একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ ও জনগণের পরীক্ষিত নেতা। তাকে বিজয়ী করতে পারলে এলাকার উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়।”

স্থানীয় বাসিন্দারাও এ সময় নেতাকর্মীদের গণসংযোগে ইতিবাচক সাড়া দেন এবং বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নেতাকর্মীরা জানান, এসব বিষয় প্রার্থী আবু ওয়াহাব আকন্দের কাছে পৌঁছে দেওয়া হবে।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা জানান, নির্বাচনের আগ পর্যন্ত ময়মনসিংহ সদর আসনের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি