শিবির নেতার বক্তব্য: ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল | Daily AjKaler Kontho

শিবির নেতার বক্তব্য: ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল


জবি প্রতিনিধি: প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
শিবির নেতার বক্তব্য: ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক ও জকসু’র শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিলের বক্তব্যের প্রেক্ষিতে প্রতিবাদ মিছিল করেছে শাখা ছাত্রদলের একাংশ। এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন সংগঠনটির জবি শাখার যুগ্ম আহ্বায়ক সুমন সরদার।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যান্পাস প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দিয়ে এ প্রতিবাদ মিছিল করেন তারা। এসময় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ ‘রাজাকার আর সৈরাচার, মিলেমিশে একাকার’ ; ‘ধর্ম নিয়ে রাজনীতি, চলবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মিছিল শেষে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, ক্যাম্পাসে সকল ক্রিয়াশীল ছাত্রসংসদের সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে জবি ছাত্রদল। সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে জবিয়ান্সের স্বার্থে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করাই সংগঠনটির মূল লক্ষ্য।

তিনি বলেন, “এই লক্ষ্যকে সামনে রেখে ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা সকল ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসের স্বার্থে কাজ করেছি। তবে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে। তারা ক্যাম্পাসে মবের রাজনীতি কায়েম করতে চায়।”

সুমন সরদার আরও বলেন, “স্পষ্টভাবে হুঁশিয়ার করে বলতে চাই, কেউ যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশ নষ্ট করতে চায়, আমরা তাদের ছাড় দিয়ে কথা বলবো না। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা প্রস্তুত আছি-ইনশাআল্লাহ।”

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি শাকসু নির্বাচন স্থগিতের ঘটনায় তারেক রহমানের সিলেটের সমাবেশ বন্ধ করে দেওয়ার আহ্বান জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল। জবি ছাত্রশিবিরের ডাকা এক মানববন্ধনে ইব্রাহিম খলিল বলেন, ২০ তারিখে শাকসু নির্বাচন না হলে তাদের তথাকথিত দেশনায়ক তারেক রহমানের সিলেটের সমাবেশ বন্ধ করে দিন। ছাত্রসমাজকে আহ্বান জানিয়ে তিনি বলেন, সিলেটের সড়কপথ, রেলপথ সবকিছু বন্ধ করে দিন। যারা শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করে, তাদের সমাবেশ করার কোনো অধিকার থাকতে পারে না।

আজকালের কন্ঠ/আর বি