
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবেদ আলী খন্দকার। অনুষ্ঠানে এলাকার বরেণ্য আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে অনুষ্ঠানস্থল এক আধ্যাত্মিক পরিবেশ ও মিলনমেলায় পরিণত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মনজুরুল ইসলাম বকশী। মোনাজাতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জমিদাতা ও সংশ্লিষ্ট প্রয়াত ব্যক্তিবর্গের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে অসুস্থ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দ্রুত আরোগ্য লাভ এবং দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে আল্লাহর রহমত কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান শিক্ষক মোঃ আবেদ আলী খন্দকার বলেন, “শিক্ষার্থীদের কেবল পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে বলীয়ান করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে।”
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও অতিথিবৃন্দ বিদ্যালয় কর্তৃপক্ষের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, নিয়মিত এমন ধর্মীয় আয়োজন শিক্ষার্থীদের আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :