গাইবান্ধার বৈষম্যাবরোধী ছাত্র আন্দোলনের নেতাকমার ভুয়া স্লোগানের বক্তব্যে আসিফ নজরুল | Daily AjKaler Kontho

গাইবান্ধার বৈষম্যাবরোধী ছাত্র আন্দোলনের নেতাকমার ভুয়া স্লোগানের বক্তব্যে আসিফ নজরুল


গাইবান্দোা প্রতিনিধি: প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
গাইবান্ধার বৈষম্যাবরোধী ছাত্র আন্দোলনের নেতাকমার ভুয়া স্লোগানের বক্তব্যে আসিফ নজরুল

গাইবান্ধায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে মতবিনিময় সভা শেষে ‘ভুয়া ভুয়া’ স্লোগানের ঘটনা ঘটেছে। হাদি হত্যার বিচার না হওয়া এবং বিচার ব্যবস্থার দুর্বলতার অভিযোগ তুলে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা (জুলাই যোদ্ধারা) এ স্লোগান দেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে ভোটারদের আস্থা বৃদ্ধি, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতকরণ এবং গণভোট বিষয়ে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, এবারের নির্বাচনের অন্যতম বৈশিষ্ট্য হলো নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়া। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, “গণভোট কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়—এটি নতুন বাংলাদেশের পক্ষে–বিপক্ষে। অনিয়ম, অবিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

শহীদ হাদির বিচার প্রসঙ্গে তিনি জানান, বিচার প্রক্রিয়া থেকে একচুলও সরে আসা হবে না। তদন্ত বা চার্জশিট নিয়ে অসন্তোষ থাকলে আইনি প্রতিকার হিসেবে নারাজি পিটিশনের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে সভা শেষে উপদেষ্টা মঞ্চ ত্যাগ করার সময় বিচার না হওয়া ও বিচার ব্যবস্থার নাজুক অবস্থার অভিযোগ তুলে জুলাই যোদ্ধারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এতে সভা প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ও বিশৃঙ্খলা তৈরি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর আগে ড. আসিফ নজরুল গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা ও ভোটার সচেতনতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আজকালের কন্ঠ/ আর এস/এস