মির্জাগঞ্জে কর্মদিবসে তালা ঝুলছে যুব উন্নয়ন কার্যালয়ে | Daily AjKaler Kontho

মির্জাগঞ্জে কর্মদিবসে তালা ঝুলছে যুব উন্নয়ন কার্যালয়ে


পটুয়াখালী প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৬, ১:০১ অপরাহ্ন
মির্জাগঞ্জে কর্মদিবসে তালা ঝুলছে যুব উন্নয়ন কার্যালয়ে

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টায় অফিস খোলার কথা থাকলেও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কার্যালয় রোববার সকাল ১১টা পেরিয়ে গেলেও তালাবদ্ধ ছিল। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষার পর নিরাশ হয়ে ফিরে যান।

রোববার (১৮ জানুয়ারি) সকালে সরেজমিনে কার্যালয়ে গিয়ে দেখা যায়, সকাল ১১টা ১১ মিনিট পর্যন্ত যুব উন্নয়ন কার্যালয়ের তিনটি কক্ষই তালাবদ্ধ। উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। নির্ধারিত সময়ে কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি না থাকায় দাপ্তরিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সেবা না পেয়ে একাধিক সেবাগ্রহীতাকে ক্ষোভ প্রকাশ করে ফিরে যেতে দেখা যায়। এতে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মুঠোফোনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মো. ফারুক হোসেন জানান, তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মির্জাগঞ্জে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে দুমকি উপজেলায় অবস্থান করছেন। অফিস খোলা না থাকার বিষয়ে তিনি বলেন, ‘পিওনের বাড়ি বাউফলে, সে পথেই আছে—কিছুক্ষণের মধ্যেই অফিসে পৌঁছাবে।’

তিনি আরও জানান, সহকারী কর্মকর্তা মো. নাসির হোসেন দাপ্তরিক কাজে জেলা অফিসে গেছেন। সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মদিবসে সকল জনবল একসঙ্গে অনুপস্থিত থাকা এবং দীর্ঘ সময় অফিস তালাবদ্ধ রাখাকে দায়িত্বে চরম অবহেলা বলে মনে করছেন স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, “এটা কি সরকারি অফিস, নাকি ভৌতিক দপ্তর?”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি