
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নিখোঁজের চার দিন পর মো. নুরুল আলম (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার মাতব্বর হাট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি বল্কের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহত নুরুল আলম কমলনগর উপজেলার চরজগবন্ধু ইউনিয়নের জগবন্ধু গ্রামের জমাদ্দার বাড়ির বশির আহমেদের ছেলে। তিনি পেশায় একজন ইটভাটার শ্রমিক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, চার দিন আগে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন নুরুল আলম। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, নুরুল আলমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :