সীমান্ত ব্যাংক পিএলসি’র উদ্যোগে চিরিরবন্দরের সীমান্ত এলাকায় (২৯ বিজিবির) শীতবস্ত্র বিতরণ | Daily AjKaler Kontho

সীমান্ত ব্যাংক পিএলসি’র উদ্যোগে চিরিরবন্দরের সীমান্ত এলাকায় (২৯ বিজিবির) শীতবস্ত্র বিতরণ


মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সীমান্ত ব্যাংক পিএলসি’র উদ্যোগে চিরিরবন্দরের সীমান্ত এলাকায় (২৯ বিজিবির) শীতবস্ত্র বিতরণ

সীমান্তবর্তী এলাকার শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সীমান্ত ব্যাংক, পিএলসি, চিরিরবন্দর শাখা। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অদ্য ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ আমতলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত আমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সীমান্ত ব্যাংক, পিএলসি, চিরিরবন্দর শাখার উদ্যোগে এবং ২৯ বিজিবির সার্বিক সহযোগিতায় ১৫০ জন শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি। এছাড়াও সীমান্ত ব্যাংক, পিএলসি’র চিরিরবন্দর শাখার ম্যানেজারসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে ব্যাটালিয়ন অধিনায়ক তাঁর বক্তব্যে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি মানবিক ভূমিকা পালন করে আসছে।

এ সময় তিনি সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণকে অবৈধভাবে সীমান্ত পারাপার না করা, চোরাচালান প্রতিরোধে সহযোগিতা করা, সীমান্তের শূন্য লাইনে গবাদিপশু না চরানো এবং কাটাতারের বেড়া কর্তন না করার বিষয়ে সচেতনতামূলক আহ্বান জানান।

অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অন্যান্য অফিসার, সীমান্ত ব্যাংক পিএলসি চিরিরবন্দর শাখার কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আজকালের কন্ঠ/আর বি