কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আজ ১৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে কুমিল্লা পুলিশ লাইন্স ড্রিলশেডে অবস্থিত শহীদ আরআই এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম।

কল্যাণ সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের নানাবিধ সমস্যা পুলিশ সুপার মহোদয়ের নিকট উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে এসব সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ ও নির্দেশনা অনুসরণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

এ সময় গত ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সাইফুল মালিক এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালী মডেল থানার ওসি জনাব তৌহিদুল আনোয়ারকে সম্মাননা প্রদান করা হয়।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন অফিসার ও ফোর্সদের মাঝে অর্থ পুরস্কার বিতরণ করা হয়। পুলিশ সুপার মহোদয় তাদের ভবিষ্যতেও আরও ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করেন এবং এ ধরনের পুরস্কারের পরিমাণ বৃদ্ধির আহ্বান জানান।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব পংকজ বড়ুয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি