রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত লক্ষ্মীপুর, পাল্টাপাল্টি মামলায় আসামি ৩৮৭ | Daily AjKaler Kontho

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত লক্ষ্মীপুর, পাল্টাপাল্টি মামলায় আসামি ৩৮৭


জাকির হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৬, ২:১০ অপরাহ্ন
রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত লক্ষ্মীপুর, পাল্টাপাল্টি মামলায় আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। দুই মামলায় মোট ৩৮৭ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন একটি এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার ও কর্মসূচিকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় দলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন।

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

চন্দ্রগঞ্জ থানা সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় জামায়াতের পক্ষ থেকে দায়ের করা মামলায় ১৭০ জন এবং বিএনপির পক্ষ থেকে দায়ের করা মামলায় ২১৭ জনকে আসামি করা হয়েছে। দুটি মামলাই চন্দ্রগঞ্জ থানায় রেকর্ড করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এদিকে এই সংঘর্ষকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।

আজকালের কন্ঠ/আর বি