বাকৃবিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে পরিচয় নিশ্চিত | Daily AjKaler Kontho

বাকৃবিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে পরিচয় নিশ্চিত


ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
বাকৃবিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে পরিচয় নিশ্চিত

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে এক ব্যক্তির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে তার পরিচয় বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে বাকৃবির হেলিপ্যাড মাঠের দক্ষিণ পাশে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের পেছনের খোলা মাঠে একটি নোহা গাড়ির পাশে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বাকৃবি প্রশাসন ও ক্যাম্পাস পুলিশের একটি টিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি সেদিন বাকৃবির ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থীদের দুই দিনব্যাপী দ্বিতীয় পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন। অনুষ্ঠানের প্রথম দিনের আনুষ্ঠানিক কার্যক্রম রাত সাড়ে ১০টার দিকে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরবর্তীতে স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের মাধ্যমে জানা যায়, নিহত ব্যক্তির নাম আবু শাদাত মোহাম্মদ সায়েম। তিনি বাংলাদেশ ব্যাংক, ঢাকায় অতিরিক্ত পরিচালক (এডিশনাল ডাইরেক্টর) হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আজকালের কন্ঠ/আর বি