
বাংলার হারানো ঐতিহ্য পিঠা-পুলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লার মুরাদনগরে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) মুরাদনগর উপজেলার চাঁদ মিয়া মোল্লা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে “পিঠার ঘ্রাণে আনন্দের টানে, এসো সবাই পিঠা উৎসবে”—এই স্লোগানে উৎসবটির আয়োজন করা হয়। উৎসবে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
পিঠা উৎসবে মোট ১১টি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাকন পিঠা, জামাই পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, কামরাঙ্গা পিঠা, দুধ চিতই, তেলের পিঠা, পুলি পিঠা, মেরা পিঠা, ডালিয়া পিঠা, পাটিসাপটা, সেমাই পিঠা, চিংড়ি পিঠা, সবজি পিঠা, নাড়ুসহ প্রায় অর্ধশতাধিক প্রকারের পিঠা-পুলি প্রদর্শন ও বিক্রি করা হয়। আধুনিক খাবারের মধ্যে ছিল চিকেন মোমো ও পুডিং।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদ মিয়া মোল্লা ডিগ্রি কলেজের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার নুরুল হক। উৎসবের উদ্বোধন করেন কলেজের বিদ্যুৎসাহী সদস্য অ্যাডভোকেট সরকার গিয়াস উদ্দিন মাহমুদ। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পিঠাপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :