ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১ | Daily AjKaler Kontho

ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১


জামাল খান ,ময়মনসিংহ ব্যুরো : প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪৫)। তিনি ধোবাউড়া উপজেলার রামসিংহপুর গ্রামের বাসিন্দা এবং স্বতন্ত্র প্রার্থী সালমান উমর রুবেলের সমর্থক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে ধোবাউড়া উপজেলার এরশাদ বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী সালমান উমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধনকে ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের সঙ্গে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরই মধ্যে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন নজরুল ইসলাম।
তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ধোবাউড়া বাজার এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্বতন্ত্র প্রার্থী সালমান উমর রুবেলের সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এ ঘটনার পর স্থানীয় জনমনে আতঙ্ক বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।

আজকালের কন্ঠ/ আর এস/জে