সিলেটে এনসিপি বঞ্চিত, জামায়াত জোটের আসন সমঝোতা চূড়ান্ত | Daily AjKaler Kontho

সিলেটে এনসিপি বঞ্চিত, জামায়াত জোটের আসন সমঝোতা চূড়ান্ত


ছাইম ইবনে আব্বাস, সিলেট প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সিলেটে এনসিপি বঞ্চিত, জামায়াত জোটের আসন সমঝোতা চূড়ান্ত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। তবে এই সমঝোতায় সিলেট বিভাগে কোনো আসন পায়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যদিও জোটগতভাবে এনসিপিকে ৩০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে, সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে একটিতেও তাদের প্রার্থী রাখা হয়নি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ১১ দলীয় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ আসন সমঝোতার ঘোষণা দেওয়া হয়। সমঝোতা অনুযায়ী সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী দেবে জামায়াতে ইসলামী। বাকি ৯টি আসন জোটভুক্ত অন্যান্য দলগুলোর মধ্যে বণ্টন করা হলেও সেখানে এনসিপির কোনো প্রার্থী নেই।

এর আগে সিলেট বিভাগের পাঁচটি আসনে এনসিপি দলীয় প্রার্থী ঘোষণা করে প্রচার-প্রচারণা চালাচ্ছিল। এসব আসনে প্রার্থীরা ছিলেন—সিলেট-১ আসনে দলের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এহতেশাম হক, সিলেট-৩ আসনে কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট-৪ আসনে যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রকৌশলী মো. রাশেল উল আলম, মৌলভীবাজার-৪ আসনে দলের যুগ্ম সদস্যসচিব ও সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ এবং হবিগঞ্জ-৪ আসনে দলের কেন্দ্রীয় সংগঠক নাহিদ উদ্দিন তারেক। এর মধ্যে এহতেশাম হকের মনোনয়ন বাছাই পর্যায়ে বাতিল হলেও অন্যরা নির্বাচনী মাঠে সক্রিয় ছিলেন। আসন সমঝোতার ফলে এবার তাদের সবাইকে নির্বাচনের বাইরে থাকতে হচ্ছে।

সিলেটে জামায়াতের ১০ প্রার্থী:

সমঝোতা অনুযায়ী সিলেট বিভাগে জামায়াত যেসব আসনে প্রার্থী দিয়েছে সেগুলো হলো—
সিলেট-১: মাওলানা হাবীবুর রহমান,
সিলেট-৩: মাওলানা লোকমান আহমদ,
সিলেট-৪: জয়নাল আহমদ,
সিলেট-৬: মো. সেলিম উদ্দিন,
সুনামগঞ্জ-২: মোহাম্মদ শিশির মনির,
সুনামগঞ্জ-৪: মো. শামছ উদ্দিন,
সুনামগঞ্জ-৫: আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম,
মৌলভীবাজার-১: মোহাম্মদ আমিনুল ইসলাম,
মৌলভীবাজার-২: মো. সায়েদ আলী,
হবিগঞ্জ-১: মো. শাহজাহান।

অন্যান্য দলের আসন বণ্টন:

সমঝোতায় সিলেট বিভাগে খেলাফত মজলিস পেয়েছে পাঁচটি আসন। এগুলো হলো—সিলেট-২ (মুহাম্মদ মুনতাছির আলী), সিলেট-৫ (মো. আবুল হাসান), মৌলভীবাজার-৩ (মোহাম্মাদ লুৎফুর রহমান কামালী), হবিগঞ্জ-২ (মাওলানা আব্দুল বাসিত আজাদ) এবং হবিগঞ্জ-৪ (আহমদ আব্দুল কাদের)।

বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি আসন—সুনামগঞ্জ-৩ (মোহাম্মদ শাহিনুর পাশা চৌধুরী) ও মৌলভীবাজার-৪ (শেখ নূরে আলম হামিদী)।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন থাকলেও তাদের জন্য সিলেট বিভাগে দুটি আসন বরাদ্দ রাখা হয়েছে। এগুলো হলো—সুনামগঞ্জ-১ (মো. রফিকুল ইসলাম) ও হবিগঞ্জ-৩ (মহিব উদ্দিন আহমেদ সুহেল)।
২৫৩ আসনে প্রার্থী ঘোষণা

বৃহস্পতিবার রাত ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ২৫৩টি আসনে জোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

উল্লেখ্য, ১১ দলীয় জোটের এই আসন সমঝোতায় জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রার্থী দেবে। বাকি তিনটি দলের আসন এখনো ঘোষণা করা হয়নি।

এই সমঝোতার ফলে সিলেট বিভাগে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যুক্ত হলেও এনসিপির আসন না পাওয়া নিয়ে স্থানীয় রাজনীতিতে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি