গণপূর্তের সাবেক উপসহকারী প্রকৌশলী জাহিদার সম্পত্তি জব্দের আদেশ | Daily AjKaler Kontho

গণপূর্তের সাবেক উপসহকারী প্রকৌশলী জাহিদার সম্পত্তি জব্দের আদেশ


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ৫:৩০ অপরাহ্ন
গণপূর্তের সাবেক উপসহকারী প্রকৌশলী জাহিদার সম্পত্তি জব্দের আদেশ

আজ বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে গণপূর্তের সাবেক উপসহকারী প্রকৌশলী জাহিদার ফ্ল্যাট জব্দের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা যায়।

গণপূর্ত অধিদপ্তর সিরাজগঞ্জের সাবেক উপসহকারী প্রকৌশলী জাহিদা আক্তারের রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত গ্যারেজসহ এক হাজার ৩২৮ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, জাহিদা আক্তার তার বৈধ আয়ের সঙ্গে পাহার সমতুল বিপুল সম্পদ অর্জন করেছেন। তিনি মালয়েশিয়ার কোটায় একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন। এছাড়া ঢাকায় একাধিক ফ্ল্যাট কেনার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে শ্যামলীর একটি অ্যাপার্টমেন্টের অস্তিত্ব নিশ্চিত হয়েছে।

আবেদনে বলা হয়, ২০২২ সালের ৫ আগস্ট তিনি সরকারি চাকরি থেকে অব্যাহতির আবেদন করেন। তবে সেই আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায়ই তিনি মালয়েশিয়ায় চলে যান। ওই সময় তার কন্যা কুয়ালালামপুরের একটি আন্তর্জাতিক বিদ্যালয়ে পড়াশোনা করছিল।পরবর্তীতে তিনি পরিবারসহ অস্ট্রেলিয়ায় চলে যান এবং সেখানে স্থায়ী বসবাসের অনুমতি (পিআর) পান।

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দীর্ঘসময় বিদেশে অবস্থান করেছেন। পাশাপাশি তার স্বামী গণপূর্ত সার্কেল-৩–এর সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকন উদ্দীন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। এসব কারণে অভিযুক্ত ব্যক্তি স্থায়ীভাবে বিদেশে চলে যাওয়ার আশঙ্কা থাকায় তদন্তের স্বার্থে সম্পত্তি জব্দ করা প্রয়োজন ছিল।

আজকালের কন্ঠ /আর এস