
আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ খ্রি. ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ‘ভিজিলেন্স ও অবজারভেশন টিম’-এর এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সভায় বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটকেন্দ্রভিত্তিক নজরদারি জোরদার, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং যেকোনো অনিয়ম প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসনের সব স্তরের সমন্বিত কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। এ লক্ষ্যে সকলকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ধরনের গুজব, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
সভা শেষে জানানো হয়, নির্বাচন ও গণভোটকে ঘিরে মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে ভিজিলেন্স ও অবজারভেশন টিম। প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা চালু রাখা হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ময়মনসিংহে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :