
শেরপুর-১ (সদর) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী কার্যক্রম পরিচালনার অভিযোগে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সাংগঠনিক ও নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার দায়ে মো. শফিকুল ইসলাম মাসুদকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘদিন ধরে শেরপুর-১ আসনে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে বিএনপি এ আসনে দলীয় প্রার্থী হিসেবে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে মনোনয়ন দেয়। এরপরও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
এ বিষয়ে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে বহিষ্কার সংক্রান্ত চিঠি আমরা ইতোমধ্যে পেয়েছি। বিষয়টি দলের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, শফিকুল ইসলাম মাসুদ জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি ছিলেন। সর্বশেষ তিনি শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :