শেরপুরের নালিতাবাড়ীতে গাড়িচাপায় কৃষকের মৃত্যু | Daily AjKaler Kontho

শেরপুরের নালিতাবাড়ীতে গাড়িচাপায় কৃষকের মৃত্যু


মো. রিয়াজ, শেরপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন
শেরপুরের নালিতাবাড়ীতে গাড়িচাপায় কৃষকের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে অজ্ঞাতনামা গাড়ির চাপায় মনোষ হাজং (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সীমান্ত সড়কের দাওধারা উঁচা টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোষ হাজং ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা পৌনে ছয়টা থেকে ছয়টার মধ্যে মনোষ হাজং বাড়ি থেকে বের হয়ে সীমান্ত সড়কের দাওধারা উঁচা টিলা এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি বেপরোয়া ভারী যান তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কিছুক্ষণ পর পথচারীরা সড়কে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।

পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো ট্রাক বা কাঁকড়া গাড়ি (মাহিন্দ্রা ট্রাক্টর) মনোষ হাজংকে চাপা দিয়ে পালিয়ে গেছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি