শরীয়তপুরের ভেদরগঞ্জে বিএনপি প্রার্থীর পক্ষে আওয়ামীলীগ নেতার দৌড়ঝাঁপ | Daily AjKaler Kontho

শরীয়তপুরের ভেদরগঞ্জে বিএনপি প্রার্থীর পক্ষে আওয়ামীলীগ নেতার দৌড়ঝাঁপ


মোঃ নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
শরীয়তপুরের ভেদরগঞ্জে বিএনপি প্রার্থীর পক্ষে আওয়ামীলীগ নেতার দৌড়ঝাঁপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ শরীয়তপুর ০৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের সাবেক এ পি এস মিয়া নুরুউদ্দিন আহমেদ অপুর নির্বাচন সমর্থনে আওয়ামী লীগ নেতাদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

এতে বিএনপি ও আওয়ামীলীগ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে। এসব আওয়ামীলীগের নেতাদের প্রতি তীব্র নিন্দা ও ঘৃনা জানাচ্ছে আওয়ামী লীগের কর্মী ও একাংশ নেতৃবৃন্দরা। অন্যদিকে বিএনপি নেতাদের ক্ষোভ ও আবেগঘন পোস্ট দেখা যাচ্ছে।

সম্প্রতি গত ৮ জানুয়ারি বৃহস্প্রতিবার বিকালে মহিষার ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময়কালে ২ শতাধীক আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিরা বিএনপির মনোনীত পদপ্রার্থীকে সমর্থন দেন।

এ সময় মহিষার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম চৌকিদার এক বক্তব্যে বলেন, উন্নয়ন হতে হলে আগামী নির্বাচনে বিএনপির মনোনীত পদপ্রার্থী অপু ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। কারন তিনি তারেক রহমান তথা জিয়া পরিবারের একজন ঘনিষ্ঠ ব্যক্তি। তিনি এমপি হলে ভেদরগঞ্জ উপজেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা সুন্দর হবে। শেষে তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেন।

মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরদার বক্তব্যে বলেন, এবার নির্বাচনে নৌকা মার্কা নেই! তাই ধানের শীষ মার্কাই আমাদের ভোট দিতে হবে। কারন মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপু ভাই ভালো মানুষ। তাকে জয়যুক্ত করতে হবে। আর বাংলাদেশে ৭১ এর চেতনা ও মুক্তি যুদ্ধকে বিশ্বাস করে দুটি দল একটা আওয়ামী লীগ আর বিএনপি। তাই ৭১ এর পক্ষের শক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চাই। ধানের শীষে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মোড়ল ও মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণ হাওলাদারসহ অনেকে বক্তব্য রাখেন।

আজকালের কন্ঠ/আর বি