
বরিশাল এয়ারপোর্ট থানায়
আদালতের নির্দেশ অমান্য করে বরিশাল মাধবপাশা ইউনিয়নের ফুলতলা গ্রামের মুবারক আলীর পুত্র আমির হোসেন শিকদারের জমিতে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে একই এলাকার হারুন শিকদার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আদালতের নির্দেশে পুলিশ কাজ বন্ধ করে দিলেও, বিবাদীরা তা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন
ভুক্তভোগী আমির হোসেন।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়,
গত ৩ জানুয়ারি আমির হোসেন শিকদারের জমিতে হারুন শিকদার, মনির শিকদার, মিরাজ শিকদার, মিজান শিকদার, ফারুক শিকদার, রুমা আক্তার, নাসরিন, জেসমিন আক্তার, সোনামণি, কমলা বিবিসহ আরও ১০-১২ জন ব্যক্তি মিলে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করেন। আমির হোসেন ও তার লোকজন বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী আমির হোসেন গত ৭ জানুয়ারি বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি ১৪৪/১৪৫ ধারায় মামলা (মামলা নং ৩০/২০২৬) দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে বিরোধীয় সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা ঘটনাস্থলে যান এবং উভয়পক্ষকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু অভিযোগ উঠেছে, পুলিশের নির্দেশ উপেক্ষা করে বিবাদীরা পরের দিন থেকেই পুনরায় নির্মাণ কাজ শুরু করেন।
অসহায় আমির হোসেন শিকদার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আদালতের নির্দেশ কার্যকর করে তার পৈতৃক সম্পত্তি ফিরে পেতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি স্থানীয় প্রশাসনের কাছে আইনি সহায়তা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :