দেবিদ্বারে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ | Daily AjKaler Kontho

দেবিদ্বারে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৬, ৫:২১ অপরাহ্ন
দেবিদ্বারে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশগ্রহণ করেছেন হাসনাত আবদুল্লাহ। শনিবার (১০ জানুয়ারি) পীর মহেশপুর আজিজ মেম্বারের দোকান থেকে পদযাত্রাটি শুরু হয়ে পীর মহেশপুর সাহেব বাড়ি মাজার জিয়ারত শেষে যুক্তগ্রামে গিয়ে শেষ হয়।

পদযাত্রায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২ দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে, সাধারণ মানুষকে হুমকি-ধামকি দিয়ে কেন্দ্র দখল ও ভোট চুরির প্রস্তুতি চলছে। এসব ভোট চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা আবার মাঠে নেমেছি।”

তিনি আরও বলেন, “মানুষ এখন সচেতন। ঋণখেলাপি, দুর্নীতিবাজ, অতীতে খাম্বা চুরি, ট্রান্সমিটার চুরি ও মামলা-জেল খাটা ব্যক্তিরাই আজ নির্বাচনে অংশ নিয়ে আবারও ভোট চুরির পায়তারা করছে। আমরা জনতাকে সঙ্গে নিয়ে এসব অপচেষ্টার বিরুদ্ধে প্রতিহত করবো।”

এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি। তবে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে গণআন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে। দেবিদ্বারের মানুষ আর আগের মতো ঘরে বসে থাকবে না। তারা বুঝে গেছে কারা দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করে আর কারা লুটপাট ও দখলদারিত্বের রাজনীতিতে বিশ্বাসী। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবো।”

পদযাত্রায় স্থানীয় নেতাকর্মী, সাধারণ জনগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি