
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ব্রিজ নির্মাণের আগে মাটি পরীক্ষা করতে গিয়ে মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় আপাতত গ্যাস নির্গমন বন্ধ করে রাখা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজারসংলগ্ন একটি খালের পাড়ে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে হেলফ প্রকল্পের আওতায় ওই এলাকায় ৪৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণের কাজ পেয়েছেন ঠিকাদার সাইফুল ইসলাম শেখ। নির্মাণকাজটি তদারকি করছে হাতিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
ব্রিজ নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ওই স্থানে প্রায় ১১২ ফুট গভীরে সয়েল টেস্ট (মাটি পরীক্ষা) সম্পন্ন করেন ঠিকাদারের শ্রমিকরা। কাজ শেষে তারা স্থান ত্যাগ করার পর শুক্রবার বিকেলে হঠাৎ ওই স্থান থেকে গ্যাস বের হতে শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাসের উপস্থিতি নিশ্চিত হতে স্থানীয় কয়েকজন আগুন ধরালে সেখানে আগুন জ্বলে ওঠে। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, এটি প্রকৃতপক্ষে কী ধরনের গ্যাস, সে বিষয়ে তারা নিশ্চিত নন। তবে নিজের চোখে আগুন জ্বলতে দেখে তারা আতঙ্কিত ও বিস্মিত হয়েছেন। তাদের দাবি, যদি এটি প্রাকৃতিক গ্যাস হয়ে থাকে, তবে বিষয়টি দ্রুত বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা প্রয়োজন।
হাতিয়া উপজেলা প্রকৌশলী এমদাদুল হক গ্যাস নির্গমনের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্যাস বের হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আপাতত তা বন্ধ করে রাখা হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কে বিষয়টি জানানো হবে।
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, ঘটনার কথা শুনেছি,তবে এখনও ঘটনাস্থল পরিদর্শন করা হয়নি।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :