আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন | Daily AjKaler Kontho

আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


মো.জয়নাল আবেদীন, বান্দরবান জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. ওবায়দুল হাকিমের উপর সন্ত্রাসী কায়দায় সংঘটিত ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে এঘটনায় প্রাক্তন শিক্ষার্থীরা গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টায় আলীকদম প্রেসক্লাবের সামনে আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আয়োজকরা বলেন, একজন শিক্ষকের উপর এমন হামলা ব্যক্তিগত আঘাতের চেয়েও বেশি, এটি সামগ্রিক শিক্ষা পরিবেশের প্রতি হুমকি। মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামলা কারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরবর্তীতে মানববন্ধন শেষে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় ওবায়দুল হাকিম স্যারের উপর তাঁর নিজ বাসভবনে সন্ত্রাসী কায়দায় ন্যাক্কারজনক হামলা সংঘটিত হয়েছে। একজন শিক্ষক সমাজের বাতিঘর ও নৈতিকতার প্রতীক। তাঁর উপর বর্বর হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি নয়, বরং সমগ্র শিক্ষা ব্যবস্থার জন্য একটি অশনিসংকেত। এই ঘটনার মাধ্যমে সন্ত্রাসীরা আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করেছে।

স্মারকলিপিতে ৪দফা দাবি তুলে ধরা হয়, ১.হামলার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা। ২.হামলা কারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ৩.শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ। ৪. ভুক্তভোগী শিক্ষক ও তার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। স্মারকলিপিতে প্রাক্তন শিক্ষার্থীরা আরও বলেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে এধরনের ঘটনা প্রতিরোধ ও শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

মানববন্ধনে উল্লেখ করা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার না হলে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা আলীকদম থানা ঘেরাও সহ নানা কর্মসূচি পালনের হুশিয়ারি প্রদান করা হয়।

আজকালের কন্ঠ/আর বি